পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি তার নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) সহ দেশের সকল মানুষের প্রতি ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
মন্ত্রী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আনন্দ, ত্যাগ ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে আসে। এই মহান উৎসব মুসলিম উম্মাহকে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়, যা সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও উল্লেখ করেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ সমানভাবে এই উৎসবে অংশ নিতে পারে। ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোই ঈদের মূল চেতনা। তিনি আশা প্রকাশ করেন, এবারের ঈদ সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।
স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীর উদ্দেশে বলেন, সাম্য, ন্যায় এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের ঈদের অঙ্গীকার। তিনি সবাইকে দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন। একই সঙ্গে সবাই যেন নিরাপদ, শান্তিপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সে প্রত্যাশাও ব্যক্ত করেন।
